সাউদি আরবে বাংলাদেশী যুবক-যুবতীর শিরচ্ছেদের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে এ সপ্তাহে।
সাউদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সে দেশের প্রেস এজেন্সি (SPA) জানিয়েছে, দুই বাংলাদেশী নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিতি আখতারের শিরচ্ছেদ করা হয়েছে।
অভিযোগ: তারা দু’জন দেশটির মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ (immoral acts) এ লিপ্ত ছিল।
বুধবার ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদন্ড (শিরচ্ছেদ) কার্যকর করা হয়।
সাউদি আরবের আইনে পবিত্র স্থানে এ ধরণের কাজকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
এটা ঠিক যে, সাউদি আরবের বিচার ব্যবস্থায় আমাদের দেশের মতো এতো দীর্ঘসূত্রিতা নেই।
সাউদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরিয়া আইন অনুযায়ী তাদের মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
এ ঘটনায় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদন্ড কার্যকরের আগে তাদের জানানো হয়নি। তারা জেদ্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত তথ্য চেয়েছে।
এখন তথ্য চেয়ে কি লাভ হবে? তাদের ২জনের শিরচ্ছেদ ইতিমধ্যে হয়ে গেছে।
শরীয়া আইনে অপরাধকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়। শাস্তির ধরণও ভিন্ন হয়। সাউদি আরব কঠোরভাবে এ আইন প্রয়োগ করে।
হত্যার শাস্তি: কিসাস ও দিয়াত।
হত্যাকে শরীয়ায় কিসাস এর অপরাধ হিসেবে ধরা হয়।
১) কিসাস (প্রতিশোধ): “প্রাণের বদলে প্রাণ”। নিহত ব্যক্তির পরিবার যদি চায় তাহলে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সাউদি আরবে এটি সাধারণত তরবারি দিয়ে শিরচ্ছেদের মাধ্যমে কার্যকর করা হয়।
২) দিয়াত (রক্তপণ): নিহতের পরিবার যদি ক্ষমা করে তাহলে হত্যাকারী নির্দিষ্ট পরিমাণ অর্থ (রক্তপণ) দিয়ে মুক্তি পেতে পারে। একে ক্ষমা করার অধিকার সম্পূর্ণভাবে নিহতের পরিবারের।
৩) তা’জির:
যদি প্রমাণে কিছুটা দুর্বলতা থাকে বা পরিবার কিসাস না চায়, তাহলে বিচারক নিজ বিবেচনায় কারাদন্ড দিতে পারেন।
২. অনৈতিক কর্মকান্ডের শাস্তি: (যিনা/ব্যভিচার)
অনৈতিক কাজ বলতে শরীয়ায় মূলত যিনা (বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক) বুঝায়। এটি হুদুদ অপরাধের মধ্যে পড়ে। যার শাস্তি কুরআন ও হাদিসে নির্দিষ্ট করা আছে।
শাস্তি নির্ভর করে অপরাধী বিবাহিত না অবিবাহিত তার ওপর।
১) অবিবাহিত হলে শাস্তি ১০০ বেত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন/কারাদন্ড।
২) বিবাহিত (মুহসান) হলে:
শাস্তি রজম-অর্থাৎ পাথর মেরে মৃত্যুদন্ড। যদিও কুরআনে রজমের কথা সরাসরি নেই। হাদিসে আছে।
তবে শরীয়ায় এ শাস্তি কার্যকর করার জন্য প্রমাণের শর্ত অত্যন্ত কঠিন:
১) ৪জন প্রাপ্তবয়স্ক, সৎ, মুসলিম পুরুষকে নিজ চোখে এ কাজ ঘটতে দেখতে হবে। মানে ঘটনার প্রথ্যক্ষদর্শীদের স্বাক্ষী দিতে হবে।
২) অপরাধীকে নিজে ৪ বার স্বীকারোক্তি দিতে হবে।
এ কঠিন শর্তের কারণে ইসলামের ইতিহাসে হুদুদ হিসেবে রজম কার্যকর হবার ঘটনা খুবই বিরল।
সাউদি আরবে বাস্তব প্রয়োগ:
সাউদি আরবে প্রমাণের এ কঠিন শর্ত অনেক সময় শিথিল করে তা’জির হিসেবে বিচার করা হয়। বিশেষ করে মসজিদের মতো পবিত্র স্থানে এমন কাজ করলে সেটাকে “পবিত্রতার অবমাননা” ও “ব্যভিচার” দুটোই ধরে বিচারক তা’জির হিসেবে মৃত্যুদন্ড দিতে পারেন। যেমনটা মক্কার ঘটনায় হয়েছে।
‘অনৈতিক কাজ’ (immoral acts)-এ দুইজন বাংলাদেশী আটক হলো। দ্রুত তাদের শিরচ্ছেদ করা হলো। সাউদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস এতোবড় ঘটনার কিছুই জানে না! বিষয়টা বিস্ময়কর না?
তাহলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে বাংলাদেশ দূতাবাস রেখে দেশের মানুষের লাভটা কি?
জানা যায়, “পবিত্রতার অবমাননা’র” দায়ে নিম্ন আদালত ২ বাংলাদেশীর মৃত্যুদন্ডের রায় দেয়। নিম্ন আদালতের বিচারক উচ্চ আদালতে আপীল করার আদেশ দেন।
বাংলাদেশী ২জন যুবক-যুবতির বিস্তারিত পরিচয় জানা না গেলেও তারা যে অস্বচ্ছল এটা জানা কথা। স্বাভাবিক ভাবেই তাদের পক্ষে উচ্চ আদালতে আপীল করার অর্থ ছিল না। ফলাফল শিরোচ্ছেদ। লঘু অপরাধে গুরুদন্ড!
মহানবী রাসুলুল্লাহ (সা.) এর জন্মস্থান হলেও সাউদি আরবের শাসকরা সভ্যতার ধারেকাছে নেই। সেখানে একই অপরাধে সাউদিদের একরকম শাস্তি ও আজনবী (বিদেশীদের) ভিন্ন শাস্তি দেয়া হয়। যা ইসলামের মৌলিক আদর্শের পরিপন্থী ও সাংঘর্ষিক।
শিরচ্ছেদ করা ২জন বাংলাদেশীর অপরাধের জাস্টিফাই করা যাচ্ছে না। ছোট হোক-বড় হোক অপরাধ অপরাধই। কর্মসূত্রে বিদেশ গিয়ে অপকর্ম করবে কেন-সে দেশের নিয়ম ভাঙবেই বা কেন?
এরপরও একটা কথা থাকে। যে যতোই ফুটানী করুক না কেন। এ দেশটা চলে গার্মেন্টস ফ্যাক্টরীর পণ্য রপ্তানী ও বিদেশে কর্মরত শ্রমিকদের ঘামের টাকায়।
অনৈতিক আচরণের জন্য দন্ডিত ২জন বাংলাদেশীর খোঁজখবর নেয়া রাষ্ট্রের দায়িত্ব ছিল। মিডলইস্টের দেশগুলোতে কর্মরত পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইনসহ অন্যান্য দেশের কর্মীদের দেখভাল করার দায়িত্ব সেসব দেশের দূতাবাস অত্যন্ত সুচারুভাবেই পালন করে।
কারণ নাগরিকদের প্রতি সেসব দেশের দায়িত্ব আছে।
জিল্লতির জীবন শুধু বাংলাদেশীদের। আমাদের আছে শুধুই চেতনা। ৫৫ বছর যাবৎ এদেশে শুধু চেতনার বাণিজ্য চলছে। দেশ-বিদেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ নেই।
সাউদি আরবে ২ জন বাংলাদেশীর শিরোচ্ছেদের ঘটনায় বাংলাদেশ দূতাবাসের দায়িত্বহীনতার কারণে আমার একটা গল্পের কথা মনে হলো। গল্পটা অনেক আগে শুনেছিলাম।
এক নাস্তিক নাকি আল্লাহকে বিশ্বাস করতো না। ভাগ্যক্রমে সে যুক্তরাজ্যের লন্ডন চয়ে যায়। লন্ডন গিয়ে সেখানকার নিয়ম-শৃঙ্খলার বিষয় দেখে সে লোক অবাক ও অভিভূত হয়ে যায়। লোকটা বলে আল্লাহ অবশ্যই আছে। তা না হলে আমাদের বাংলাদেশটা চলে কিভাবে?
ক্যাটাগরি: প্রধান কলাম, প্রধান খবর, বিশেষ প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন, মিনি কলাম, শীর্ষ তিন, সারাদেশ
