দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আবুল খায়ের গ্রুপের মালিকাধীন একটি প্রতিষ্ঠানে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন কেডিএস গার্মেন্টস’র পার্শ্ববর্তী এলাকায় স্টারশিপ কনডেন্সড মিল্ক কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ৫/৬ জন শ্রমিক-কর্মচারী আহত হবার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
তবে বয়লার বিস্ফোরণের ঘটনার পর থেকে কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজন কারখানার ভিতরে কর্মচারীর স্বজন, স্থানীয় বা গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। ঘটনার পর থেকে কারখানা এলাকায় শত শত মানুষ ভিড় করছে। সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে বায়েজিদ থানার ওসি জাহিদুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করার বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, কারখানায় কর্মরত তিন শ্রমিক আহত হয়েছেন, তবে তারা আশংকামুক্ত। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন, সারাদেশ
